লোহাগাড়ায় ইভটিজিংয়ের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড
চট্টগ্রামের লোহাগাড়ায় স্কুলছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করার দায়ে রাজা মিয়া (২৪) এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত রাজা মিয়া কক্সবাজারের পেকুয়া থানার শিলখালী গ্রামের বাদশা মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় লোহাগাড়া থানার দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ শরীফ উল্যাহ।
ইউএনও মোহাম্মদ শরীফ উল্যাহ বলেন, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণ করে দণ্ডপ্রাপ্ত যুবক। একপর্যায়ে ওই শিক্ষার্থীর পথরোধ করে তাকে জোর করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মেয়েটি দৌড়ে পালায়। এসময় স্থানীয় লোকজন ওই যুবককে হাতেনাতে আটক করে। এসময় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে সাজা পরোয়ানার মাধ্যমে লোহাগাড়া পুলিশের মাধ্যমে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
ইকবাল হোসেন/এমএএইচ/জেআইএম