সিলরাও পাচ্ছে স্মার্টফোন


প্রকাশিত: ০৩:১৩ এএম, ৩১ মার্চ ২০১৬

স্কটল্যান্ডের ওর্কনি দ্বীপপুঞ্জে সিলদের কপালেও এবার জুটতে চলেছে স্মার্ট মোবাইল ফোন । ওই এলাকায় সিলদের সংখ্যা কেন কমে যাচ্ছে, সেই গবেষণার অংশ হিসেবেই তাদের এ প্রযুক্তির সঙ্গে যুক্ত করা হচ্ছে।

ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজের ‘সি ম্যামাল রিসার্চ ইউনিট (এস এম আর ইউ), অর্থাৎ যে বিভাগ সমুদ্রের স্তন্যপায়ী প্রাণীদের নিয়ে গবেষণা করে থাকে, তারাই আগামী তিন বছর ধরে এই সমীক্ষা চালাবে।

বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্টিস্টরা বেশ কিছু সিলের মাথার পেছনে যে নরম ফার থাকে, সেখানেই তাদের কোনো ক্ষতি না-করে এই ‘টেলিমেট্রি ট্যাগ’ লাগিয়ে দেবেন।

বিজ্ঞানীরা বলছেন যে, এই ট্যাগগুলো ওজনে খুব হালকা হবে। এছাড়া সিলগুলো যখন চামড়া খসিয়ে ফেলবে, তখন এই ট্যাগগুলোও তাদের গা থেকে ঝরে পড়বে। স্মার্ট  ফোন যে পদ্ধতিতে কাজ করে, এই মেরিন টেলিমেট্রি ট্যাগগুলোতেও একই প্রযুক্তি কাজে লাগানো হয়।

ট্যাগ-লাগানো সিলগুলো যখনই সমুদ্রের ওপর ভেসে উঠবে অথবা সৈকতে বিশ্রাম নিতে আসবে, সেখান থেকে নানা গুরুত্বপূর্ণ তথ্য সরাসরি পৌঁছে যাবে এস এম আর ইউ-এর বিজ্ঞানীদের কাছে। তারা সেগুলো বিশ্লেষণ করবেন।

সিলদের গায়ে লাগানোর জন্য মেরিন টেলিমেট্রি ট্যাগগুলো সরবরাহ করছে মোবাইল ফোন সংস্থা ভোডাফোন। তারা জানায়, বর্তমানে নতুন গাড়ি, হার্ট মনিটর কিংবা স্মার্ট মনিটরে ব্যবহৃত প্রযুক্তিই এখানে কাজে লাগানো হবে।

এমএমজেড/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।