বিচ্ছিন্ন ঘটনায় চলছে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ
বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে চলছে ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ। নির্বাচনে কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বেশিরভাগ কেন্দ্রেই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দেশের ৬৩৯ ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে ১৭টি দল অংশ নিলেও মূলত লড়াইটা হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের মধ্যে।
ভোট শুরু হওয়ার পর জাল ভোট, ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে সহিংসতা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বিএনপি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের ভোট বর্জন, একাধিক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত, সহকারী প্রিজাইডিং অফিসারকে আটকের ঘটনা ঘটেছে। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো খবর :
কুমিল্লা: জেলার বরুড়ায় আধ্রা ইউপির পেরপেটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে নৌকার প্রার্থী মঞ্জুর হোসেনের বাড়ি থেকে ২৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার বড় ছেলে হাছান জামিলসহ ১৬ জনকে আটক করে পুলিশ।
এদিকে, একই উপজেলার ৩ নং খোশবাস ইউপির আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
ওই কেন্দ্রে থাকা পুলিশের পরিদর্শক আসলাম শিকদার জানান, সকাল সাড়ে ৮ টার দিকে আওয়ামী লীগের প্রার্থী নাজমুল হাছান ও জাপার শাহ আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা হয়।
অপরদিকে, সকাল সাড়ে ৯টার দিকে জেলার সদর দক্ষিণের পশ্চিম জোর কাননের কালিকাপুর মাদরাসা কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ শুরু হয়। পুলিশ ওই কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল ও ফাঁকা গুলি ছুঁড়ে। এ কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িক স্থগিত রাখা হয়েছে।
টাঙ্গাইল : গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান জসীম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। নির্বাচনী কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে জোরপূর্বক ব্যালট পেপারে সিল মারার অভিযোগ তিনি নির্বাচন বর্জন করেন।
চাঁদপুর : হাইমচরে ভৈরবী আজিজিয়া মাদরাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কে এম মান্নাতকে মারধর করে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
জামালপুর : মেলান্দহের ফুলকোচা ইউনিয়ন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনজুরুল ইসলাম নির্বাচন বর্জন করেছেন। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এদিকে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের মামা-ভাগ্নে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাময়িক ভোটগ্রহণ বন্ধ রয়েছে। এছাড়া নয়ানগর ইউনিয়নের মেঘার পাড়া হাফিজিয়া মাদরাসা কেন্দ্রে ব্যালট পেপার ও সিল ছিনতাই এবং সাংঘর্ষিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে বর্তমানে ওই কেন্দ্রে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করেছে।
যশোর : সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের চুড়ামনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২টি কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে। এ সময় একজন সহকারী প্রিসাইডিং অফিসারসহ ২ জনকে আটক করা হয়েছে।
চুড়ামনকাটি ইউনিয়নের রিটার্নিং অফিসার ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম জানান, চুড়ামনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে সিল মারার চেষ্টার অভিযোগে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই কাজে সহযোগিতা করার অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসার আকবর আলী ও মেম্বার প্রার্থী শুকুর আলীর পোলিং এজেন্ট মোহিদুল ইসলামকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ১৭টি দল চেয়ারম্যান পদে ১ হাজার ৫০৭ জন প্রার্থী দিয়েছে। আর স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন ১ হাজার ১৭৭ জন প্রার্থী। এ নির্বাচনে ভোটার রয়েছেন ৯৪ লাখ ৭৮ হাজার ৮১ জন। চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য এই তিন পদের বিপরীতে ভোটার সংখ্যার তিনগুণ ব্যালট ছাপিয়েছে ইসি।
সূত্র জানায়, গত ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় দফার ইউপি নির্বাচনের তফসিল অনুযায়ী ৬৮৪টি ইউপির ভোটগ্রহণের কথা থাকলেও নির্বাচন হচ্ছে ৬৩৯টিতে। মূলত মামলা ও সীমানা জটিতলতার কারণে অন্য ইউপিগুলোতে ভোট হচ্ছে না।
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোট শুরুর আগেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৩১ জন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। আর ৮১টি ইউপিতে বিএনপির কোনো প্রার্থী নেই। বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থী নেই ৪৮৭টি ইউপিতে।
জেএইচ/এবিএস