লবণচাষিদের সহযোগিতার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর


প্রকাশিত: ১০:৫৮ এএম, ৩১ মার্চ ২০১৬

লবণচাষিদের সর্বাত্মক সহযোগিতা করতে কক্সবাজার জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভা থেকে ভিডিও কনফারেন্স সিসটেমের উদ্বোধন করে জেলা প্রশাসকে এ নির্দেশনা প্রদান করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের চাহিদা মোতাবেক লবণের উৎপাদন করতে হবে। এ জন্য লবণচাষিদের প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহ প্রদান করতে হবে। সরকার লবণচাষিদের উৎসাহিত করতে বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ রেখেছে। দেশে উৎপাদিত লবণের মান বেশ ভালো।

মন্ত্রী বলেন, লবণচাষিদের লবণ উৎপাদনে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেজন্য সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসককে প্রয়োজনীয় উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কক্সবাজার জেলা প্রশাসকের উদ্দেশ্যে তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য এবং সরবরাহ যাতে স্বাভাবিক থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সকল পণ্য যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং কোনো পণ্যের যেন কৃত্রিম সংকট সৃষ্টি করা না হয়ে, এ বিষয়ে সজাগ থাকতে হবে। বাজার মনিটরিংসহ প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তোফায়েল আহমেদ এ সময় বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন অকল্পনীয়। দেশের মানুষ যাতে এ সুযোগ থেকে বঞ্চিত না হন, সে জন্য সতর্ক থাকতে হবে। বাংলাদেশ এখন পাকিস্থান থেকে সকল ক্ষেত্রে এগিয়ে আছে। সামাজিক উন্নয়নসহ বেশ কিছু ক্ষেত্রে ভারত থেকেও এগিয়ে আছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পন্ন, চাল বিদেশে রফতানি হচ্ছে, দেশের রিজার্ভ-রেমিটেন্স পর্যাপ্ত। সবমিলিয়ে দেশের অর্থনীতি ঊর্ধ্বমুখী। দেশের মানুষের কল্যাণে সরকার সবকিছুই করে যাচ্ছে।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব মো. শওকত আলী ওয়ারেছি, অতিরিক্ত সচিব (রফতানি) জহির উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব (এফটিএ) মনোজ কুমার রায়, অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডব্লিউটিও সেল) শুভাশিষ বোস, বাংলাদেশ টেরিফ কমিশনের চেয়ারম্যান মুসফিকা ইকফাত, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান বেগম মাফরুহা সুলতানা, টিসিবি-এর চেয়ারম্যান ব্রি.জে. আবু সালেহ মো. গোলাম আম্বিয়া, বাংলাদেশ টি বোর্ডের চেয়ারম্যান মে. জে. মো. শাফিনুন ইসলাম, আমদানি-রফতানির প্রধান নিয়ন্ত্রক বেগম আফরুজা খাতুনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।