বিসিএস পরীক্ষা ঘিরে কেন্দ্র এলাকায় সিএমপির বিধিনিষেধ
চট্টগ্রাম মহানগরে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা উপলক্ষে পরীক্ষা কেন্দ্রের আশপাশে বিধিনিষেধ জারি করেছে পুলিশ। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে সভা-সমাবেশ, মিছিল ও শব্দদূষণমূলক কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা ৯, ১২, ১৬, ১৯, ২০, ২২, ২৩, ২৭ থেকে ৩০ এপ্রিল এবং ৪ থেকে ৭ মে পর্যন্ত নগরের ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত কেন্দ্রের ২০০ গজের মধ্যে মিছিল, সভা-সমাবেশ, উচ্চস্বরে চিৎকার, গান-বাজনা, মাইক বা লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া ওই এলাকায় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার এবং অননুমোদিত ব্যক্তিদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা চলাকালীন দিনগুলোতে এ আদেশ কার্যকর থাকবে।
এমআরএএইচ/ইএ