নির্বাচন বাতিলের দাবি বিএনপির


প্রকাশিত: ১২:১৯ পিএম, ৩১ মার্চ ২০১৬

ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই ধাপের নির্বাচন বাতিল করে নতুন করে ভোট দেয়ার দাবি জানিয়েছে বিএনপি। দলটির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে এ দাবি জানায়।

বিএনপির যুগ্ম-মহাসচিব মো. শাহজাহানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে। শাহজাহান ছাড়া প্রতিনিধি দলে আরো ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুজাউদ্দিন ও দলের সহপ্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স।

সিইসির সঙ্গে দেখা করে বেরিয়ে এসে শাহজাহান সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, প্রার্থী এককাট্টা হয়ে যায়। তাই নির্বাচনে ভোট না হয়ে রক্ত ঝরছে। আমরা মনে করি, এই দুই ধাপের নির্বাচন জনগণের কাছে মোটেও গ্রহণযোগ্য ছিল না। আজকেও একই অবস্থার পুনরাবৃত্তি ঘটছে। তবে কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেনি ইসি।

এরআগে প্রথম ধাপের নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। সে ধাপের নির্বাচনের বিষয়েও বিএনপির অভিযোগ ছিল একইরকম।  

শাহজাহান বলেন, দু’একজনকে শাস্তি দিলে তো হবে না। সিইসির যে একটা ক্ষমতা আছে, ইসি যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এর কোনো দৃষ্টান্ত আমরা দেখি না। উনাদের অবয়ব দেখে তা প্রকাশ পেয়েছে। উনারা কোনো সফলতা দেখাতে পারেননি। কোনো গ্রহণযোগ্যতা দেখাতে পারেননি।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিয়ে উনাদের একটা সুযোগ করে দিয়েছিল। কিন্তু আমাদের সেই সুযোগটা সরকারও গ্রহণ করেনি। সরকার যেহেতু গ্রহণ করেনি তাদের আজ্ঞাবহ ইসিও গ্রহণ করনি। তাই এই দুই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন চেয়েছি। আর আগামী নির্বাচনগুলো যাতে সুষ্ঠু ও সুন্দর হয় সে ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য বলেছি। আগামী নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে ইসি কোনো ব্যবস্থা না নিলে বিএনপি নির্বাচনে যাবে কি না সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

ভোট বর্জন, সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও গোলাগুলির ঘটনার মধ্য দিয়ে দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হয়েছে।  তিন জেলায় নির্বাচনী সহিংসতায় তিনজন নিহত হয়েছেন। তবে নির্বাচন কমিশন বলছে, ভোট সুষ্ঠু হচ্ছে।  

এইচএস/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।