কালবৈশাখী ঝড়ে বরিশাল ও ঝালকাঠিতে বিদ্যুৎ বিপর্যয়


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০১ এপ্রিল ২০১৬

বরিশালসহ দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। ঝড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে বরিশাল ও ঝালকাঠি জেলায়।

শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত পল্লী বিদ্যুতের আওতাধীন বরিশালের বাকেরগঞ্জ, ঝালকাঠির নলছিটি বিদ্যুৎ সরবরাহ চালু করা যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে দুপুর ২টার মধ্যে বরিশাল নগরীতে বিদুৎ সরবরাহ স্বাভাবিক হয়।  

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে বরিশালের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের স্থায়িত্ব ছিল মাত্র ৩০ সেকেন্ড। গতিবেগ ছিলো ঘণ্টায় ৪৬ কিলোমিটার। ঝড়টি দীর্ঘক্ষণ স্থায়ী না হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঝড়ো বাতাসের পরপরই মুষলধারে বৃষ্টি হয়েছে। টানা দুই ঘণ্টায় ১৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

এদিকে বরিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের কন্ট্রোল রুমের স্টাফ অফিসার মো. মতিউর রহমান জানান, রাত ২টায় ঝড় শুরুর সঙ্গে সঙ্গে দুর্ঘটনা এড়াতে বরিশাল ও ঝালকাঠির সবকটি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। টানা আট ঘণ্টা পর সকাল ১০টার পর থেকে পর্যায়ক্রমে নগরীর ফিডারগুলো চালু করা হয়।

বেলা ২টার মধ্যে নগরীর সবগুলো ফিডারে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত পল্লী বিদ্যুতের আওতাধীন বাকেরগঞ্জ, নলছিটি, সম্পূর্ণ এবং, বানারীপাড়া, উজিরপুর, ঝালকাঠী, হিজলা, মুলাদী উপজেলায় আংশিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ওই সব এলাকায় বিভিন্ন স্থানে বিদ্যুতের তারের ওপর গাছ ভেঙে পড়ায় সেগুলো অপসারণ করে মেরামতের কাজ চলছে বলে বিদুৎ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।
 
সাইফ আমীন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।