সঠিক সময়েই কৃমি রোগের চিকিৎসা জরুরি


প্রকাশিত: ০৭:৫৭ এএম, ০২ এপ্রিল ২০১৬

শিক্ষার্থীদের মধ্যে সুপ্ত রয়েছে সোনালী ভবিষ্যত। জীবনে সঠিক গন্তব্যে পৌঁছতে হলে উত্তম অধ্যায়নের পাশাপাশি শিশুদের শারীরিক সুস্থতার বিকল্প নেই। শিশুরা বেশি ভোগান্তিতে পড়ে কৃমির প্রকোপে। তাই সঠিক সময়েই কৃমি রোগের চিকিৎসা জরুরি।
 
‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ এপ্রিল-২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) এস এম এম সালেহ ভূঁইয়া।
 
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০টায় বনানী ৫ নং রোডস্থ বনানী মডেল স্কুলে ‘জাতীয়কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ এপ্রিল-২০১৬’ এর উদ্বোধন করা হয়।
 
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব (অঞ্চল-৩) মু. নুরুজ্জামান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তর সিটির ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বনানী মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আফরুজা বেগম ও প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সদস্য তৌহিদুল ইসলাম।
 
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) এস এম এম সালেহ ভূঁইয়া বলেন, সম্ভাবনাময় জীবনের অনেক শিশুই কৃমি রোগে মারা যায়। অভিভাবকদের দুর্বলতা ও অসচেতনতার কারণে। কৃমি রোগের চিকিৎসা দেশে এখন খুবই কার্যকরী। শিশুদের পাশাপাশি প্রত্যেকটি পরিবারের সদস্যদেরকেও কৃমি রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে চিকিৎসার পরামর্শ দেন তিনি।
 
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত প্রতিষ্ঠানটির শিশু শিক্ষার্থীদের মেবেনডেজেল ট্যাবলেট খাওয়ানো হয়।
 
আজ (শনিবার) থেকে আগামী ৭ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী এ কর্মসূচী চলবে। সারাদেশে ৫ থেকে ১২ বছর বয়সী মাদ্রাসা, স্কুল, এতিমখানা, পথশিশুদের কৃমি নাশক ট্যাবলেট মেবেনডেজেল খাওয়ানো হচ্ছে। ঢাকা মহানগরের ৫-১২ বছর বয়সী প্রত্যেকটি শিশুকে কৃমি নাশক ট্যাবলেটটি খাওয়ানোর জন্য পরামর্শ দিয়েছে সিটি কর্পোরেশন।

জেইউ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।