লোহাগাড়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো নানা-নাতনির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০০ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩

চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা সর্ম্পকের নানা-নাতনি।

নিহতরা হলেন- ইকবাল হোসেন (৫৫) এবং তার চার বছর বয়সী নাতনি আজুয়া আকতার। এ ঘটনায় নিহত ইকবাল হোসেনের মেয়ে সামিরা আকতার (২৫) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানার পদুয়া নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল লোহাগাড়া থানার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। আর মেয়ে সামিরা আকতারের শ্বশুর বাড়ি সাতকানিয়া থানার ছদাহা ইউনিয়নে। সামিরা ছদাহা এলাকার প্রবাসী তারেকুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানিয়েছেন, তারেকুল দক্ষিণ আফ্রিকায় থাকেন। সামিরা দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে থাকতেন। রোববার মেয়েকে নিয়ে বাবার মোটরসাইকেলে করে নতুন বাড়ির কাজ দেখতে যান সামিরা। পরে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় পড়েন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান জাগো নিউজকে বলেন, সামিরা বেগম তার চার বছরের শিশুকন্যাকে নিয়ে বাবা ইকবাল হোসেনের মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে পদুয়া নয়াপাড়া এলাকায় ইটবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় ইকবাল হোসেন ও তার নাতনি ঘটনাস্থলে প্রাণ হারায়। সামিরাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

ইকবাল হোসেন/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।