বিএনপির খোকাকে দেশে ফেরানোর তাগাদা সংসদীয় কমিটির


প্রকাশিত: ১০:০০ এএম, ০৩ এপ্রিল ২০১৬

অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকার দুর্নীতির অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। অন্য একটি দুর্নীতি মামলায় ১৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এই নেতাকে দেশে এনে আদালতের রায় কার্যাকরেরও সুপারিশ করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

জাতীয় সংসদ ভবনে রোববার অনুষ্ঠিত কমিটির ১১তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য অ্যাডভোকেট মো. রহমত আলী, ফজলে হোসেন বাদশা এবং রহিমা আকতার অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ দুপুরে জাগো নিউজকে বলেন, সাবেক মেয়র খোকার দুর্নীতি তদন্তে সংসদীয় সাব কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে।

কমিটির সদস্য রহিমা আকতার বলেন, প্রয়োজনে পলাতক এই আসামিকে বিশেষ ব্যবস্থায় দেশে আনার জন্য তাগিদ দেয় সংসদীয় কমিটি।

প্রসঙ্গত, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত বছরের অক্টোবরে সাদেক হোসেন খোকাকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। সাদেক হোসেন খোকা বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তাকে পলাতক দেখিয়ে এই বিচার হয়েছে। তবে বিএনপি অভিযোগ করেছে, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা এগিয়ে নিয়েছে।

এইচএস/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।