কামাল চৌধুরী ইউনেস্কোর কনভেনশন্স অ্যান্ড রেকমেন্ডেশন্সের সভাপতি


প্রকাশিত: ০৫:৪৯ এএম, ০৭ এপ্রিল ২০১৬

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ইউনেস্কোর নির্বাহী বোর্ডের কনভেনশন্স অ্যান্ড রেকমেন্ডেশন্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার  ইউনেস্কোর সদর দফতর প্যারিসে অনুষ্ঠিত নির্বাহী বোর্ডের ১৯৯তম সভায়  সর্বসম্মতিক্রমে তাকে কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

কনভেনশন্স অ্যান্ড রেকমেন্ডেশন্স কমিটি ইউনেস্কোর ৫টি স্থায়ী সাবসিডিয়ারি কমিটির মধ্যে অন্যতম। গুরুত্বপূর্ণ এ কমিটির সদস্য সংখ্যা ৩০।

এ কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান বিষয়ক ইউনেস্কোর বিভিন্ন সনদ ও সুপারিশ বাস্তবায়নের বিষয়ে সদস্য রাষ্ট্রের প্রতিবেদন এবং মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও মূল্যায়ন। এছাড়া শিক্ষকদের মর্যাদার বিষয়ে ইউনেস্কোর সুপারিশসমূহ বাস্তবায়ন সম্পর্কে আইএলও-ইউনেস্কোর যৌথ কমিটির প্রতিবেদন এবং বছরে একবার শিক্ষার অধিকার সম্পর্কিত প্রতিবেদন পর্যালোচনাও এ কমিটির কাজ।

ড. কামাল আবদুল নাসের চৌধুরী  ২০১৩-২০১৭ মেয়াদের জন্য ইউনেস্কো নির্বাহী বোর্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তিনি ২০১৩-২০১৫ মেয়াদে এ বোর্ডের ভাইস-চেয়াম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ১৯৯তম সভা ৪ এপ্রিল শুরু হয়েছে। এ সভায় ড. চৌধুরী আট সদস্য বিশিষ্ট বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে রয়েছেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, প্যারিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম এবং বাংলাদেশ-ইউনেস্কোর জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন।

এএসএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।