রংপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ০৭ এপ্রিল ২০১৬

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও উত্তরাঞ্চলের প্রাণ-প্রকৃতি-মানুষ রক্ষার দাবিতে বিক্ষোভ, সমাবেশ ও বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী)।

বৃহস্পতিবার বেলা ১২টায় সংগঠনের রংপুর ও রাজশাহী বিভাগের উদ্যোগে কয়েকশ নেতাকর্মী রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে জমায়েত হয়। সেখান থেকে বাসদ নেতা শুভ্রাংশু চক্রবর্তীর নেতৃত্বে নেতাকর্মীরা বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল বের করে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কাচারি বাজার চত্বরে সমাবেশ করে।

বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবীব সাঈদের সভাপতিত্বে সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ভারত সরকার আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করে বাংলাদেশের প্রায় সব কয়টি নদীর উজানে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে। ফলে সেচ মৌসুমে তীব্র পানি সঙ্কট, আবার বর্ষা মৌসুমে ভয়াবহ বন্যা বাংলাদেশের জন্য প্রতি বছরের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা তিস্তাসহ সকল অভিন্ন নদীর ন্যায্য হিস্যা পূরণের দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় সদস্য ওবায়েছ উল­্লাহ মুসা, বাসদের জেলা সম্বয়ক আনোয়ার হোসেন বাবলু, বাসদ নেতা পলাশ কান্তি নাগ, রোকনুজ্জামান রোকন প্রমুখ।

পরে সমাবেশ শেষে বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও করে নেতাকর্মীরা।  

জিতু কবীর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।