মীর কাসেমের সঙ্গে স্ত্রী-সন্তানের সাক্ষাৎ


প্রকাশিত: ০৪:০১ পিএম, ০৯ এপ্রিল ২০১৬
ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। শনিবার বেলা ১২টার দিকে তার স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যরা দেখা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. নাশির আহমেদ জানান, বেলা ১২টার দিকে বারিস্টার মীর কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়শা খাতুন, ছেলে মীর আহমদ বিন কাসেম, মেয়ে তাহেরা তাসনিম, ছেলের বউ ফারহানা ফখরুবা তাহমিনা আক্তার ও সৈয়দা তাহমিদা আক্তার তার সঙ্গে দেখা করতে কারাগারে আসেন।

প্রায় পৌনে এক ঘণ্টার মতো কারাগারের একটি কক্ষে পরিবারের সদস্যরা তার সঙ্গে কথা বলেন। প্রতিমাসে একবার পরিবারের লোকজন আসলেও এবার সর্বশেষ মার্চের প্রথম সপ্তাহে আদালত কর্তৃক ফাঁসির রায় বহালের আদেশের পর দুপুরে দ্বিতীয়বারের মতো পরিবারের ওই সদস্যরা মীর কাসেম আলীর সঙ্গে দেখা করলেন। তবে তার ওই রায়ের চূড়ান্ত কপি এখনো কারাগারে আসেনি বলে জানান ওই কর্মকর্তা। এর আগে ১২ মার্চ তারা মীর কাসেমের সঙ্গে দেখা করেন।

মীর কাসেম আলী এ কারাগারের ফাঁসির (৪০) সেলে বন্দি রয়েছেন। এর আগে গ্রেফতারের পর ২০১২ সাল থেকে তিনি এ কারাগারে রয়েছেন। ১৪ সালের আগে তিনি হাজতবাসকালে ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় ছিলেন। পরে দণ্ডপ্রাপ্তির পর তাকে ফাঁসির কনডেম সেলে পাঠানো হয়।

আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।