সব ধর্মেরই সমালোচনা করি: তসলিমা


প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২১ মার্চ ২০১৫

সব ধর্মেরই সমালোচনা করেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। সম্প্রতি ভারতের `দ্য হিন্দু` পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন তিনি।

শনিবার দৈনিকটির অনলাইন সংস্করণে তসলিমার ওই দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হয়। সাক্ষাৎকারে নিজের মতবাদ, লেখালেখির প্রেক্ষাপট, বাংলাদেশে মুক্তচিন্তার ক্ষেত্র, ধর্মসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন দীর্ঘদিন ধরে দিল্লিতে বসবাসরত তসলিমা নাসরিন।
 
তসলিমা বলেন, গুজরাটে যখন মুসলমানদের ওপর নির্যাতন হয়, তখন তিনি এর নিন্দা জানিয়েছেন। আবার বাংলাদেশে যখন হিন্দুদের ওপর নির্যাতন হয় তখন তারও প্রতিবাদ জানিয়েছেন। জার্মানি, বসনিয়া ও ফিলিস্তিনে ইহুদিদের ওপর নাৎসি বাহিনীর নির্যাতনের প্রতিবাদ যেমন তিনি করেছেন তেমনি প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানে খ্রিষ্টানদের ওপর নির্যাতনেরও।

তসলিমা বলেন, ১৯৯৪ সালে যখন তাকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়, তখন পুরো সমাজ নিশ্চুপ ছিল। সমাজের প্রগতিশীল অংশ যদি তখন এর প্রতিবাদ করতো তবে বাংলাদেশে এমন সমাজ তৈরি হতো না, যেখানে ধর্মের সমালোচনা করায় লেখক হুমায়ুন আজাদ, ব্লগার অভিজিৎ রায় ও রাজীব হায়দারের মতো লোককে হত্যা করা হয়।

কীভাবে এর সমাধান করা যায়? জবাবে তসলিমা বলেন, পাকিস্তানি সেনাদের সঙ্গে মিলে যেসব মানুষ আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, ১৯৭১ সালে ৩০ লাখ বাঙালিকে হত্যা করেছিল, তারাই এখন বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানানোর সঙ্গে যুক্ত। তারা মুক্তচিন্তার মানুষ ও বুদ্ধিজীবীদের হত্যা করছে।
 
নির্বাসিত এ লেখিকা মনে করেন, ধর্ম নারীদের শোষণ করে। আইন হওয়া উচিত সমতার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে নয়।

thehindu.com/opinion/op-ed/taslima-nasreen-interview

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।