বিএনপি মিথ্যে বলে, সবাই তা জানে : জয়


প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১২ মে ২০১৫

‘নিখোঁজ’ বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। সোমবার সকালে মেঘালয়ের রাজধানী শিলং শহরের রাস্তায় এলোমেলোভাবে ঘোরাফেরার সময় গলফ লিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সালাহউদ্দিন নিখোঁজ হওয়ার পর থেকেই তার পরিবার এবং বিএনপি এব্যাপারে সরকারকে দায়ী করে আসছিল। এমতবস্থায় বিষয়টি নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার রাত ১০টার দিকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, বিএনপির সালাহউদ্দিনকে অবশেষে ভারতে পালিয়ে থাকা অবস্থায় পাওয়া গেছে। অন্তর্ধানের পুরো দুইমাসের কোন স্মৃতিই মনে করতে পারছেন না তিনি। সালাহউদ্দিন সাহেবের স্ত্রী যিনি গণমাধ্যমে অনেকদিন ধরেই অভিযোগ করে আসছিলেন যে, সাদা পোশাকধারী পুলিশ তার স্বামীকে অপহরণ করেছে। তিনিই আজ খালেদা জিয়ার সাথে দেখা করার পর বলেছেন, সালাহউদ্দিনের সাথে তার কথা হয়েছে। দেখা যাচ্ছে যে, পুরো ঘটনাটিই আওয়ামী লীগ সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য বিএনপির পূর্বপরিকল্পিত একটি সাজানো নাটক।

তিনি আরো বলেন, এছাড়াও কিছু মানবাধিকার সংস্থাকে দেখে থাকবেন যেমন অধিকার এবং হিউম্যান রাইটস ওয়াচ, যারা কোনো প্রমাণ এবং তদন্ত ছাড়াই বলে আসছিলো যে তাকে অপহরণ করা হয়েছে। এই পুরো ঘটনা আসলে তাদের ব্যর্থতাকেই প্রমাণ করে দেয়, কারণ সালাহ উদ্দিনের অন্তর্ধান নিয়ে তারা আন্তর্জাতিক গণমাধ্যমে খুব দৃঢ়তার সাথে রিপোর্ট করে আসছিলো।

তিনি বলেন, আমি ভেবে অবাক হচ্ছি, তাদের কথিত "গুম" করার এরকম কতো সাজানো নাটকই না আছে! সরকার কারো উধাও হয়ে যাওয়া এবং লুকিয়ে পড়া নিয়ন্ত্রণ করতে পারে না। বিএনপি মিথ্যে বলে, সবাই তা জানে। অধিকার এবং হিউম্যান রাইটস ওয়াচও তাদের গ্রহণযোগ্যতা হারালো।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।