বস্তুনিষ্ঠ সংবাদের অনলাইন ঠিকানা: এক যুগ পেরিয়ে জাগো নিউজ

ড. হারুন রশীদ
ড. হারুন রশীদ ড. হারুন রশীদ , ডেপুটি এডিটর (জাগো নিউজ)
প্রকাশিত: ১২:০৭ এএম, ১০ মে ২০২৬

দেশের গণমাধ্যমের দ্রুত পরিবর্তনশীল এই সময়ে বিশ্বাসযোগ্যতা যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তথ্যপ্রযুক্তির বিস্তারে সংবাদ এখন হাতের মুঠোয়, কিন্তু একই সঙ্গে বেড়েছে ভুয়া খবর, গুজব আর উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের বন্যা। এমন বাস্তবতায় বস্তুনিষ্ঠতা, দায়বদ্ধতা ও সত্যের প্রতি অঙ্গীকারই হয়ে উঠেছে একটি সংবাদমাধ্যমের প্রকৃত পরিচয়।

এই প্রেক্ষাপটে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ (jagonews24.com) এক যুগ পেরিয়ে ১৩তম বর্ষে পা রাখছে আজ ১০ মে। ‘অনলাইন সংবাদের বস্তুনিষ্ঠ ঠিকানা’— স্লোগান শুধু একটি বাক্য নয় বরং এটি একটি প্রতিশ্রুতি, একটি দায়বদ্ধতার নাম। প্রতিষ্ঠার পর থেকে এই গণমাধ্যমটি চেষ্টা করে যাচ্ছে নিরপেক্ষ, নির্ভুল ও দ্রুত সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে।

জাগো নিউজের এক যুগের পথচলা কখনোই সহজ ছিল না। অনলাইন প্ল্যাটফর্মে প্রতিদিন নতুন নতুন মাধ্যমের আগমন, প্রতিযোগিতার তীব্রতা এবং তথ্যের অতিবেগবান প্রবাহের মধ্যে নিজেদের অবস্থান ধরে রাখা একটি কঠিন চ্যালেঞ্জ। কিন্তু এই দীর্ঘ পথচলায় জাগো নিউজ কখনোই তার মূলনীতি থেকে সরে যায়নি। বরং সত্য প্রকাশের সাহস, তথ্য যাচাইয়ের কঠোরতা এবং পেশাদারত্বের মাধ্যমে নিজেদের একটি আলাদা পরিচিতি তৈরি করেছে।

পাঠকের চাহিদা ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে সংবাদ পরিবেশনের পাশাপাশি জাগো নিউজ নানা আয়োজনেও যুক্ত হয়েছে। কেবল খবর নয়—বিশ্লেষণ, ফিচার, মতামত, বিনোদন, জীবনধারা—সবকিছু মিলিয়ে একটি পূর্ণাঙ্গ সংবাদমাধ্যম হিসেবে নিজেকে গড়ে তুলেছে। এই বৈচিত্র্যই পাঠকের সঙ্গে একটি গভীর সম্পর্ক তৈরি করেছে, যেখানে তথ্যের পাশাপাশি থাকে ভাবনা, দৃষ্টিভঙ্গি ও দায়িত্ববোধ।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও রয়েছে জাগো নিউজের সরব উপস্থিতি। মাল্টিমিডিয়া জার্নালিজমের ক্ষেত্রেও এগিয়ে জাগো নিউজ। নিজস্ব স্টুডিও থেকে প্রতিদিন প্রচার করা হচ্ছে একাধিক লাইভ বুলেটিন, যেখানে তাৎক্ষণিক সংবাদ, বিশ্লেষণ এবং বিশেষ আয়োজন তুলে ধরা হয় আধুনিক উপস্থাপনায়। ফলে পাঠক-দর্শক শুধু পড়েই নয়, দেখে এবং শুনেও যুক্ত থাকতে পারছেন সময়ের সঙ্গে।

জাগো নিউজের প্রতিটি পদক্ষেপে অগ্রাধিকার পেয়েছে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, উন্নয়ন এবং ইতিবাচক চিন্তার চর্চা। একটি গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশন করে না; এটি সমাজের চিন্তাধারাও প্রভাবিত করে। সেই জায়গা থেকে জাগো নিউজ সবসময় চেষ্টা করেছে এমন বিষয়গুলো সামনে আনতে, যা দেশকে এগিয়ে নিতে সহায়ক, যা মানুষকে সচেতন ও অনুপ্রাণিত করে।

বর্তমান সময়ে যখন গুজব ও অপপ্রচার সমাজকে বিভ্রান্ত করে, তখন একটি দায়িত্বশীল সংবাদমাধ্যমের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হাজারো ভুঁইফোঁড় অনলাইন প্ল্যাটফর্মের ভিড়ে জাগো নিউজ সত্য প্রকাশে আপসহীন থাকার যে অঙ্গীকার করেছে, সেটিই তাকে আলাদা করে তোলে। তথ্য যাচাই ছাড়া কোনো খবর প্রকাশ না করা, গুজব প্রতিরোধে সচেতন থাকা এবং পাঠককে নির্ভরযোগ্য তথ্য দেওয়া—এই নীতিগুলোই আমাদের শক্তি।

আমাদের একযুগের এই যাত্রা কেবল একটি প্রতিষ্ঠানের নয়; এটি পাঠক, সাংবাদিক, কর্মী—সবাইকে নিয়ে একটি সম্মিলিত পথচলা। এই অর্জনের পেছনে রয়েছে পাঠকের অগাধ বিশ্বাস ও সমর্থন। সেই বিশ্বাসই জাগো নিউজের সবচেয়ে বড় প্রাপ্তি এবং ভবিষ্যতের সবচেয়ে বড় প্রেরণা।

আগামী দিনগুলোতেও জাগো নিউজ একই আদর্শ ও দায়বদ্ধতা নিয়ে এগিয়ে যেতে চায়। প্রযুক্তির অগ্রগতি, সময়ের পরিবর্তন এবং পাঠকের নতুন চাহিদার সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে আরও সমৃদ্ধ, আরও নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশের প্রত্যয় আমাদের।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই গৌরবময় মুহূর্তে জাগো নিউজ পরিবার জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা—লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা এবং সব শুভানুধ্যায়ীর প্রতি। আপনাদের অবিচ্ছিন্ন সমর্থন ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। সত্য ও বস্তুনিষ্ঠতার এই যাত্রায় পাশে থাকুন—আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আপনাদের আস্থা অটুট রাখার।

লেখক: সাংবাদিক, কলামিস্ট। ডেপুটি এডিটর, জাগো নিউজ।
[email protected]

এইচআর/এমএফএ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।