সরকারকে পরওয়ার

নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:০১ পিএম, ০১ মার্চ ২০২৬
চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার/ছবি: সংগৃহীত

নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধ এবং রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার (১ মার্চ) চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। নগরের জিইসি কনভেনশন সেন্টারে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ ইফতারের আয়োজন করা হয়।

গোলাম পরওয়ার বলেন, ‘জুলাইয়ের ছাত্র-জনতার রক্তস্নাত আন্দোলনের পর আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছি। সেই স্বপ্ন বাস্তবায়নে রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার সংস্কৃতি গড়ে তোলা জরুরি।’

জামায়াতের এ নেতার মতে, একটি রাষ্ট্রের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সরকার ও বিরোধীদল দুটি চাকার মতো কাজ করে। এই দুই পক্ষের সমন্বয় ছাড়া গণতন্ত্র এগিয়ে যেতে পারে না। কিন্তু নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও অসহিষ্ণুতার ঘটনা ঘটছে। বিজয়ীরা পরাজিতদের এবং জামায়াত নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করছে। এটি কোনোভাবেই কাম্য নয়।

নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিন

চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ওই ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। এ ধরনের ঘটনা বন্ধে সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

গোলাম পরওয়ার মুসলিম বিশ্বে চলমান সংঘাতের নিন্দা এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, রমজানের শিক্ষা কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে সরকার ও বিরোধীদলকে একসঙ্গে কাজ করতে হবে।

আরেক বিশেষ অতিথি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, চট্টগ্রামের উন্নয়নে নবনির্বাচিত সংসদ সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তিনি চট্টগ্রামকে উন্নত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন। এতে সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয়ান, আইআইইউসি উপাচার্য ড. মোহাম্মদ আলী আজাদী, উপ-উপাচার্য ড. হাসমত আলী, পোর্টসিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরীসহ রাজনীতিবিদ, পেশাজীবী, আলেম-ওলামা, শিক্ষাবিদ, সাংবাদিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।