বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে: আবু সুফিয়ান
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে। দলটি যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছে।
শুক্রবার (১৩ মার্চ) নগরের ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে মরহুম আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ১ হাজার ৫০০ মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
আবু সুফিয়ান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যতবারই দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন, ততবারই দেশের মানুষ উন্নয়নের সুফল পেয়েছে। তিনি বলেন, জিয়া পরিবারের উত্তরসূরি তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন।
তিনি আরও বলেন, মানুষের মৌলিক চাহিদা- অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যেই কাজ করা হচ্ছে। দল-মত নির্বিশেষে সবাইকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচি নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড, ই-হেলথ কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচি ধীরে ধীরে বাস্তবায়ন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি আইনশৃঙ্খলার উন্নয়ন, দুর্নীতি দমন এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলেও দাবি করেন।
আবু সুফিয়ান বলেন, বিএনপি জনগণের দ্বারা প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। জনগণের জন্য কাজ করা এবং তাদের সেবা করাই বিএনপির মূল লক্ষ্য। জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে, তাই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে চাই।
তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর আওয়ামী লীগের এমপি-কাউন্সিলররা জনগণের পাশে ছিল না। জনগণের উন্নয়নের কথা বলে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে এবং মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে।
৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ মো. ইসমাঈল বালি, সমাজসেবক বাবু দিলীপ মজুমদার, পাথরঘাটা ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল হক ও আশরাফুল ইসলাম মামুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শফিকুল আলম, মোহাম্মদ হামিদ, জিয়া সাইবার ফোর্সের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী বাহাউদ্দিন ফারুক মুন্না, কোতোয়ালি থানা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মো. শেখ আলী মিঠু, প্রবাল কৃষ্ণ, মোহাম্মদ সেলিম, যুবদলের মো. সাইফুল ইসলাম, মো. নাদিম, রিয়াজ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তুহিন, সদস্য সচিব মো. জসিম, কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ এবং কৃষক দলের সদস্যসচিব মো. হোসেন মোহাম্মদ নাসিরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এমআরএএইচ/এএমএ