গুলশান কার্যালয়ে বিচ্ছিন্ন নেটওয়ার্ক, ভোগান্তি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গতকাল শনিবার দুপুর থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে চরম হয়রানিতে পড়তে হচ্ছে গণমাধ্যম কর্মীদেরকে। এছাড়া কার্যালয়ের সামনে ও এর আশেপাশের এলাকায় মোবাইল নেটওয়ার্ক অপারেটর সিটিসেল, গ্রামীন ফোন, বাংলালিক, রবি, এয়ারটেল ও টেলিটক সংযোগ না থাকায় পেশাগত দায়িত্ব পালনে চরম বাঁধাগ্রস্থ হতে হচ্ছে।
সরজমিন ঘুরে দেখা গেছে, কার্যালয়ের সামনে দায়িত্বরত গণমাধ্যম কর্মীরা মোবাইল ফোনে কোন অপারটের সংযোগই পাচ্ছেন না। এতে ব্যহত হচ্ছে তাদের পেশাগত দায়িত্ব। কয়েকজন গণমাধ্যম কর্মী জাগো নিউজকে জানান, খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে অনেক দুরে গিয়ে তাদেরকে সংবাদ অফিসে প্রেরণ করতে হচ্ছে।
গণমাধ্যম কর্মীরা আরো জানান, অনেক ক্ষেত্রে গুলশান-২ নাম্বর মোড়ে এসে মোবাইলে কথা বলতে চাইলেও নেটওয়ার্ক কাজ করছে না। ফলে অফিসে তাৎক্ষণিত তথ্য জানাতে পারছেন না তারা। গতকাল শনিবার মোবাইল অপারেটর রবি ব্যবহার করা গেলেও রোববার সকাল থেকে তাও ভাল করে কাছ করছে না।
একটি বেসরকারী টেলিভিশনের প্রতিবেদক জাগো নিউজকে বলেন, তিনি বিভিন্ন দৃশ্য ধারণ করার পর গুলশান কার্যালয় থেকে অন্তত অর্ধ কিলোমিটার দুরে গিয়ে অফিসে ভিডিও ফুটেজ পাঠাতে সমর্থ হচ্ছেন। এত বিড়ম্বনায় চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এদিকে টানা দ্বিতীয় দিনের মতো আজও (রোববার) খালেদা জিয়ার কার্যালয়ে গ্যাস, ডিস ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে শুক্রবার দিবাগত রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও শনিবার দিবাগত রাতে পুনরায় সংযোগ চালু করা হয়।
-এমএম/আরএস/আরআই