হার্ডলাইনে যাচ্ছে ছাত্রদল
বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদলও এবার সরকার-বিরোধী আন্দােলনে হার্ড লাইনে যাওয়ার পরিকল্পনা করছে। শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক এই আন্দোলনে শুরুতে তারা দুইদিনের ধর্মঘট দিয়ে প্রশাসন ও ছাত্রলীগকে আল্টিমেটাম দিতে চায় বলে সূত্র জানিয়েছে।
ছাত্রদলের দায়িত্বশীল একটি সূত্র জানায়, চলতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেবে ছাত্রদল। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাস-নৈরাজ্য দূর করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, হলে সহাবস্থান নিশ্চিত করা, ছাত্রলীগ কর্তৃক গাড়িতে আগুন লাগানো বন্ধ করাসহ বিভিন্ন ইস্যুতে এই ধর্মঘট আহবান করা হবে।
ছাত্রদলের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটওয়ারী জানান, প্রাথমিকভাবে প্রশাসন ও ছাত্রলীগকে তাদের বিভিন্ন দাবি পূরণে দুই দিনের আল্টিমেটাম দেয়া হবে। নির্দিষ্ট সময়ে দাবি পূরণ না হলে টানা ধর্মঘটের ডাক দেয়ার পরিকল্পনা করছে ছাত্রদল।
সূত্র জানায়, চলমান আন্দোলনে বিএনপি অনেক ভালো করছে এই ধারণা থেকে ছাত্রদল রাজপথে আরও শক্তিশালী হয়ে বিএনপির আন্দোলনকে সফলতার মুখ দেখাতে চায়। এ জন্য ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি অব্যহত রাখার চিন্তা করছে বৃহত্তর এই ছাত্র সংগঠনটি।
এমএম/বিএ/এমএস