দেশের ভবিষ্যৎ অনিশ্চিত : এরশাদ


প্রকাশিত: ১২:১৪ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৫

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ এমপি বলেছেন, অদৃশ্য শক্তি আজ মাথাচাড়া দিয়ে উঠেছে। এই শক্তির সাথে যুদ্ধ করা যায়না। কি করে দেশে শান্তি ফিরে আসবে। দেশের ভবিষ্যৎ অনিশ্চিত।

সোমবার বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের দুই শতাধিক নেতা-কর্মীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

১৫ লাখ এসএসসি পরীক্ষার্থীর কথা বিবেচনায় নিয়ে বিএনপিসহ ২০ দলকে হরতাল-অবরোধ প্রত্যাহারের আহবান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে হলে নেতৃত্বের পরিবর্তন আনতে হবে।

এরশাদ বলেন, ধ্বংসের রাজনীতি দিয়ে কখনই মানুষের কল্যাণ হবে না। দেশ এখন ভয়াবহ বিপর্যয়ের মুখে ও জাতির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে।

বিএনপি চেয়ারপারসনকে ইঙ্গিত করে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, উনি (বিগম জিয়া) ৫ জানুয়ারি সমাবেশ করতে চাইলেন। তাকে কেনো তাকে সমাবেশ করতে দেয়া হলো না জানি না। তবে আজ আন্দোলন করছেন নিজের জন্য।

সরকারের উদ্দেশ্যে এরশাদ বলেন, হরতাল অবরোধের কারণে আজ আমাদের ছেলে-মেয়ে, নাতী-নাতনীরা ও শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছে না। জনগণের শান্তি ও জানমালের নিরাপত্তা দিতে সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে।

নরসিংদী জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলমগীর কবীর এবং বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের নেতৃত্বে এসব নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য এম.এ. হান্নান এমপি, এস.এম. ফয়সল চিশতী, যুব সংহতির সভাপতি এ্যাড. রেজাউল ইসলাম ভুইয়া, যুগ্ম এনজিও বিষয়ক সম্পাদক আবু সাঈদ স্বপন সহ জেলার নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন, যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফররুখ আহম্মদ।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।