ছাত্রদলের ১০ নেতার মিছিল
পুলিশের চোখ ফাঁকি দিয়ে শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের ১০ নেতাকর্মী। সোমবার দুপুর দেড়টায় তারা এই কর্মসূচি পালন করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ১০ নেতাকর্মী শাহবাগ এলাকায় মিছিল বের করেন। এসময় তারা কয়েক মিনিট সরকার বিরােধী স্লােগান দিয়ে দ্রুত শাহবাগ এলাকা ত্যাগ করেন।
জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহবুব মাসুম শান্ত ও হাসানুল বান্নার নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্না, ছাত্রনেতা সর্দার আমিরুল ইসলাম সাগর, আজিম উদ্দিন মেরাজ, মোহসীন, সাইদুর, শাহনেওয়াজ, হাবিবুল বাশার ও নাদির শাহ।
এদিকে তিনটি শাখার সমন্বয়ে অনুষ্ঠিত মিছিলে মাত্র ১০ নেতাকর্মীর উপস্থিতিতে হতাশা ব্যক্ত করেছেন ছাত্রদলের হল পর্যায়ের কয়েকজন কর্মী। তারা জানান, বাম সংগঠনের মিছিলেও এর চেয়ে অনেক বেশি উপস্থিতি হয়।
ছাত্রদলে কর্মী সংকট কি না জানতে চাইলে মিছিলে অংশগ্রহণকারী এক নেতা জাগো নিউজকে জানান, পুলিশের মারমুখী অবস্থানের কারনে উপস্থিতি বাড়ানো সম্ভব হচ্ছে না।
-এমএম/আরএস