রায়ে প্রমাণ হয়েছে দেশে আইনের শাসন বলবৎ রয়েছে


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১৬ জানুয়ারি ২০১৭
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায় সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, এ মামলার রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে দেশে আইনের শাসন বলবৎ রয়েছে। কেননা, মামলার ৩৫ আসামির মধ্যে ২৬ জনের ফাঁসি হয়েছে এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে রাজধানীর মতিঝিলের জনতা ব্যাংক ভবনের সামনে জনতা ব্যাংক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিলেন এবং তার স্ত্রী খালেদা জিয়া বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদকে সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচিত করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিএনপি নেত্রী খালেদা জিয়ার কোনো সংলাপ হতে পারে না।’

জনতা ব্যাংক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদ ও কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।

এএসএস/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।