মান্না উদীয়মান জাতীয় নেতা : রব
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে উদীয়মান জাতীয় নেতা হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-রব) সভাপতি আ স ম আবদুর রব। বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রব বলেন, দেশে তৃতীয় গণতান্ত্রিক শক্তির উত্থান ঠেকাতেই মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতার করা হয়েছে। ‘স্বাধীনতার চেতনা: গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক এই সভার আয়োজন করে নাগরিক ঐক্য।
তিনি আরো বলেন, মান্নাকে আমি চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে এসেছিলাম। দুই জোটের বাইরে গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলার জন্য আমরা কাজ করছিলাম। আমরা চেয়েছিলাম হরতাল-অবরোধের রাজনীতি হবে না। মানুষ পোড়ানো, গুম-ক্রসফায়ারের রাজনীতি হবে না। কিন্তু সেটি যেন হতে না পারে, সে কারণেই মান্নাকে গ্রেফতার করা হলো। কিন্তু তার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, সেটি মিথ্যা প্রমাণিত হবে।
অনুষ্ঠানে নাগরিক ঐক্যের নেতা-কর্মীরা দ্রুত মান্নার মুক্তি দাবি করেন। এছাড়া তারা ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মান্নার পক্ষে প্রচারণা চালানোরও ঘোষণা দেন।
সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের জ্যেষ্ঠ নেতা ফজলুল হক। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাসদ-রবের সাধারণ সম্পাদক আবদুল মালেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়–য়া, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, নাগরিক ঐক্যের নেতা আবু বকর সিদ্দিক, শহিদুল্লাহ কায়সার প্রমুখ।
এএইচ/পিআর