নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে সরকার : বুলু


প্রকাশিত: ০১:২৮ পিএম, ২৫ মার্চ ২০১৫

সিটি করপোরেশনে ৫ জানুয়ারির মতো আরেকটি প্রতারণামূলক নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে সরকার। বুধবার সন্ধ্যায় ২০ দলীয় জোটের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু এ কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে যে তিনটি সিটি কর্পোরেশন নির্বাচন ঘোষণা করা হয়েছে তা গোটা দেশবাসীর ইচ্ছার সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়।

তিনি আরো বলেন, সকল দল ও  নগরবাসী তথা দেশবাসীর কাছে সিটি করপোরেশন নির্বাচন গ্রহণযোগ্য করার মতো ইচ্ছা নির্বাচন কমিশনের থাকলে তড়িঘড়ি করে পুলিশ মহাপরিদর্শকের পরামর্শে এপ্রিল মাসেই নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করা হতো না। নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ বলেই আজ কোন প্রার্থীই নির্বাচনী আচরণবিধি তোয়াক্কা করছে না। নির্বাচনী তফসিল ঘোষণার পূর্বে কোন নাগরিক সমাজ, বুদ্ধিজীবি বা সুশীল সমাজের সঙ্গে পরামর্শ করা হয়নি।
 
বুলু বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে সরকার যথাযথ উদ্যোগ নেবে বলে আমরা আশা করি। আর তাতে নেতিবাচক মনোভাব দেখালে সরকারকে চরম মূল্য দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে ২০ দলীয় জোট দৃঢ়সংকল্পবদ্ধ।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।