বিএনপি ভাঙতে শুরু করেছে : হানিফ


প্রকাশিত: ০২:০৮ পিএম, ২৫ মার্চ ২০১৫

বিএনপি ভাঙতে শুরু করেছে, অল্প দিনেই টুকরো টুকরো হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের নায়ক বলেছেন। কিন্তু তিনি ছিলেন খলনায়ক, পাকিস্তানের এজেন্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। সে অবধৈভাবে ক্ষমতা দখল করে রাজাকারদের পুনর্বাসিত করেছেন।  রাজাকার শাহ আজিজ ও আব্দুল আলিমকে মন্ত্রী বানিয়েছিলেন। তিনি গোলাম আজমকে বিদেশ ফিরিয়ে এনে এদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন।

হানিফ আরও বলেন, বিএনপির পতনের ধ্বনি খালেদা জিয়ার কানে পৌঁছাচ্ছে না। জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় তিনি পাঁচ জানুয়ারির নির্বাচনে আসেননি। নিজেই অপরাধ করে এখন আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাতে চান। তিনি বলেন, বাংলাদেশে যা কিছু অর্জন হয়েছে, সবই করেছে আওয়ামী লীগ। তাই দেশকে সোনার বাংলায় পরিণত করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাংসদ আব্দুল হাই এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন- কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি।

এসএইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।