চট্টগ্রামে বিএনপির প্রার্থী হচ্ছেন মঞ্জুর


প্রকাশিত: ০৩:৩২ পিএম, ২৫ মার্চ ২০১৫

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির পেশাজীবী সংগঠনের সমর্থ পেয়েছেন বর্তমান মেয়র ও খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য এম মঞ্জুর আলম। বুধবার সন্ধ্যায় ‘চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন’র ব্যানারে এক সংবাদ সম্মেলনে মঞ্জুরকে প্রার্থী ঘোষণা  করে সংগঠনটি। এ ফোরাম থেকে গতবারও নির্বাচনী লড়াইয়ে নেমেছিলেন তিনি। এ থেকে ধারনা করা হচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে এবারেও কেন্দ্রের সমর্থন পাচ্ছেন মঞ্জুর।

সংবাদ সম্মেলনে মঞ্জুরকে মেয়র প্রার্থী ঘোষণা করেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী আবু সুফিয়ান, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী, অধ্যাপক সালেহ জহুর, অ্যাডভোকেট নুরুল ইসলাম, অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ মির্জা প্রমুখ।

তবে সন্ধ্যায় নগরীর জিইসি কনভেশন সেন্টারে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে মঞ্জুর ছিলেন না। এছাড়া বিএনপির কোনো নেতাকেও সেখানে দেখা যায়নি।

এর আগে বুধবার সকালে নগর ভবনে মঞ্জুর সাংবাদিকদের জানান, গত ২২ বছর ধরে জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। দল যদি চায়, আল্লাহর হুকুম আর সবকিছু অনুকূলে থাকলে আমি নির্বাচন করব।

সন্ধ্যার সংবাদ সম্মেলনের পর যোগাযোগ করা হলে তিনি বলেন, হ্যাঁ, আমি চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদে থেকে দলীয় সিদ্ধান্তেই কি নির্বাচন করছেন- জানতে চাইলে মঞ্জুর বলেন, এ বিষয়ে পরে কথা বলব। সকালে তিনি আরো বলেন, ম্যাডাম যদি আমাকে নির্বাচন করার নির্দেশ দেয়, তাহলে আমি পদত্যাগ করব। দলীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত পদত্যাগ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

সংবাদ সম্মেলনে কেউ না থাকলেও চট্টগ্রাম বিএনপির শীর্ষনেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি নির্বাচনে গেলে মঞ্জুরকেই মেয়র পদে সমর্থন দেওয়া হবে।

উল্লেখ্য, ঢাকায় সিইসির সঙ্গে খালেদা জিয়ার এক দল পরামর্শকের সঙ্গে বৈঠক এবং রাজধানীর দুই সিটি করপোরেশনে বিএনপির দুই নেতার মনোনয়নপত্র সংগ্রহের পরপরই মঞ্জুরের প্রার্থী হওয়ার ঘোষণা এল।  

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।