গণভবন থেকে প্রার্থী ঘোষণা সংবিধানের লঙ্ঘন : কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, একজন প্রধানমন্ত্রী গণভবন থেকে সিটি নির্বাচনের প্রার্থী ঘোষণা করতে পারেন না। এটা সংবিধানের লঙ্ঘন। কিন্তু এমন দিন আসতে পারে যেদিন সংবিধানের এমন লঙ্ঘনের দায়ে প্রধানমন্ত্রীর ফাঁসিও হতে পারে। শনিবার দুপুরে মতিঝিলের ফুটপাতে শান্তির দাবিতে চলমান নিরবিচ্ছিন্ন অবস্থান কর্মসূচির ৬০তম দিন পূর্তি উপলক্ষে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনার বাবা বঙ্গবন্ধু সারাজীবন সরকারি প্রভাবমুক্ত নির্বাচন চেয়েছেন। বিশ্বাস না হলে আপনি আপনার বাবার (বঙ্গবন্ধু) আত্মজীবনী পড়ে দেখুন। আর আপনি গণভবনে ঢাকার গুণ্ডাদের নিয়ে খাওয়াচ্ছেন। সরকারি টাকা খরচ করছেন। একদিন এর বিচারও হবে।
কাদের সিদ্দিকী আরো বলেন, পুলিশ দিয়ে রাষ্ট্র চালানো যায় না। তাহলে আইয়ুব খান, এরশাদও এখন পর্যন্ত ক্ষমতায় থাকতো।
কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী বলেন, আমরা স্বামী ৬০ দিন যাবত মতিঝিলের ফুটপাতে অবস্থান করছেন, জনগণের সুখের জন্য দেশের শান্তির জন্য যদি আমার স্বামী ৬০ বছরও ঘরের বাইরে থাকেন আমার কোন আপত্তি নেই।
মতবিনিময় সভায় বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, কবি আল মুজাহিদী, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলু, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক প্রমুখ উপস্থিত ছিলেন।
এএইচ/আরআই