বিএনপি-জামায়াত দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : ইকবালুর রহিম
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খাদ্য,অফিস-আদালতের কাজকর্মসহ সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানকে ডিজিটাল পদ্ধতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি-জামায়াত লুটপাট করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
শনিবার দুপুরে দিনাজপুর সদর উপজেলার নশিপুর স্কুল প্রাঙ্গণে নশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হুইপ বলেন, দেশের উন্নয়নকে বাধা গ্রস্থ করতে লুটপাটের মহানায়ক তারেক রহমান দেশ থেকে পালিয়ে বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের উদ্দেশ্য একটাই ইরাক, লেবানন, সিরিয়ার মত দেশকে ধ্বংস করতে হবে। কিন্তু শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর একটি সৈনিক বেঁচে থাকতে তা হতে দেয়া হবে না।
তিনি আরো বলেন, গত বছর ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশে কি ঘটতো কেউ জানে না। নির্বাচন হওয়ার পর দেশের মানুষ শান্তিতে আছে। জনগণের দোরগড়ায় চিকিৎসা, শিক্ষা, পৌঁছে গেছে। রাস্তা ঘাট, ব্রীজ-কালভাট সংস্কার নতুন করে করা হয়েছে। চলাচলে আর কোনো প্রতিবন্ধকতা নেই। দেশে খাদ্য ঘাটতি নেই। শুধু ঘাটতি রয়েছে খালেদা জিয়া ক্ষমতায় যেতে পারছেন না। খালেদা জিয়া হত্যা গুম, অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছেন। জনগণ তাই বিএনপি-জামায়াতকে প্রত্যাক্ষান করেছে।
নশিপুর সরকারি বিদ্যালয়ের সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রহমান প্রমূখ।
আরএস/পিআর