লেভেল প্লেয়িং ফিল্ডের সুযোগ নেই : কামরুল
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সন্ত্রাসীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো সুযোগ নেই। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কামরুল বলেন, যারা ভালো মানুষ তাদের জন্য অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। কোনো সন্ত্রাসী যদি নির্বাচন করে তাহলে তাকে আইনের হাত থেকে রেহাই দিতে হবে এমন কোনো কথা নেই। আপনি নির্বাচন করবেন বলে আইনের হাত থেকে পার পেয়ে যাবেন? আইন আপনাকে মোটেও স্পর্শ করতে পারবে না, তা হবে না। ওই রকম লেভেল প্লেয়িং ফিল্ড হওয়ার সুযোগ নেই।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনকে উদ্দেশ করে কামরুল বলেন, তিনি বলেছেন আমরা নাকি ফাঁদ পাতার জন্য সিটি নির্বাচন দিয়েছি। আওয়ামী লীগ বা শেখ হাসিনা কখনো ফাঁদ পাতেন না। বিএনপি ফাঁদ পাতে এবং নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে।
অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ ও `শত নাগরিক কমিটির` সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, `অতীতে শত নাগরিকের কত কমিটি দেখেছি। এদের আন্দোলনের উদ্দেশ্য হলো পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করা। এমাজউদ্দিনের মত অনেক বুদ্ধিজীবী ৭১-এ পাক শাসনের বৈধ্যতা দেওয়ার চেষ্টা করেছিলেন।
ড. বশির উল্লাহর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক সিরাজুল হক আলো, অধ্যাপক ড. আবুল কাশেম মজুমদার, অধ্যাপক ড. শাহিনুর রহমান প্রমুখ।
এএইচ/আরআই