প্রশ্নবিদ্ধ নির্বাচন জনগণ সহ্য করবে না : এমাজ উদ্দিন


প্রকাশিত: ০২:০৫ পিএম, ২৮ মার্চ ২০১৫
ফাইল ছবি

বিএনপি-সমর্থক সংগঠন শত নাগরিকের আহ্বায়ক ড. এমাজ উদ্দিন আহমদ বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সুন্দর পরিবেশ না হলে সিটি করপোরেশন নির্বাচন ৫ জানুয়ারির নির্বাচনের মতো প্রশ্নবিদ্ধ হবে। জনগণ তা সহ্য করবে না। নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্য হতে হবে।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা ও জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এমাজ উদ্দিন বলেন, সিটি নির্বাচন গ্রহণযোগ্য করতে হলে পরিবেশ তৈরি করা প্রয়োজন। এ জন্য মিছিল-মিটিং, সমাবেশ অপরিহার্য। পরিবেশ তৈরির বিষয়ে নির্বাচন কমিশন নতুন করে ভাববে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরো বলেন, ভোটাররা ভোট দিতে পারবেন, আর যিনি ভোট চান তিনি সবার কাছে যেতে পারবেন-সে সুযোগ জরুরি। এসব ছাড়া নির্বাচন হয় না। কিন্তু ২০-দলীয় জোট নেত্রী খালেদা জিয়ার কার্যালয় এখনো স্বাভাবিক হয়নি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালা দেওয়া।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, আয়োজক সংগঠনের সভাপতি আবুল হাশেম প্রমুখ বক্তব্য দেন।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।