স্বাধীনতা বিরোধীদের পদক বাতিল করা হবে : মোজাম্মেল হক
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, ১৯৭১ সালে যেসব রাজাকার আলবদর ও আলশামস বাহিনী সরকারের কাছ থেকে ভাতা নিয়েছিল বিএনপি সরকার তাদের নামের তালিকা নষ্ট করে ফেলেছে। বর্তমান সরকার আজ আবার নতুন করে ইউনিয়ন, থানা ও জেলা পর্যায়ে তাদের নামের তালিকা নতুন করে তৈরির কাছ শুরু করেছে। স্বাধীনতা বিরোধী যারা ‘স্বাধীনতা পদক’ পেয়েছেন তাদের পদকও বাতিল করা হবে।
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আইয়ুব খান আগরতলা ষড়যন্ত্র মামলায় যে অভিযোগ করেছিল তাতেই প্রমাণ মেলে যে ১৯৬২ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার জন্য চেষ্টা চালাচ্ছেন। এই মামলায় বঙ্গবন্ধুকে গ্রেফতার করে কারাগারে বন্দী করা হয়েছিল।
মন্ত্রী বলেন, পৃথিবীর বুকে অর্থনৈতিকভাবে বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই লক্ষ্যে একাত্তরের পরাজিত শক্ররা বাংলাদেশের সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে ও দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে।
তবে কোন চক্রান্ত দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং যাবে।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন গণি মিয়া বাবুল। এছাড়া আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুননেছা মোশাররফ, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, বিএফইউজের সাবেক কোষাধ্যক্ষ আতাউর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক নাছির ঊল্লাহ ভুইয়া প্রমুখ।
আরএস/পিআর