ঐক্যবদ্ধ থাকলে খালেদার ষড়যন্ত্র সফল হবে না : আশরাফ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র বেগম খালেদা জিয়া কোনো দিন সফল করতে পারবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযোদ্ধা পেশাজীবী ঐক্য মঞ্চ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
তিনি বলেন, আপনারা ঐক্যবদ্ধ হওয়ায় দেশ অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। আমাদের ভয়ের কারণ নেই। শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশকে ব্যর্থ রাষ্ট্র করা যাবে না। আমাদের বিচলিত হওয়ার কিছু নেই। আমাদের লক্ষ্য বাংলাদেশকে সোনার বাংলা করবো। খালেদা জিয়ার সকল ষড়যন্ত্র ধুলিসাৎ করে দিয়ে আমরা এগিয়ে যাবো।
সৈয়দ আশরাফ বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছিলেন তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান। আপনার চাওয়া-পাওয়ার সঙ্গে যদি জনগণের কোনো সম্পর্ক থাকে, দেশের মানুষ যদি মনে করে অবশ্যই এ দেশে জনগণের রায় বাস্তবায়ন হবে। জনগণ যা চাইবে তাই বাস্তবায়ন হবে।
বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনি বলেন গণতন্ত্র চান, নির্বাচন চান, তত্ত্বাবধায়ক সরকার চান। কিন্তু আপনার আচরনে তা মনে হয় না। আসলে আপনি চান ছলে-বলে অবৈধভাবে ক্ষমতা দখল করতে। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে। ’৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিতে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মধ্যবর্তী নির্বাচন চাইলে জ্বালাও-পোড়াও করতেন না। খালেদা জিয়া ভোট-নির্বাচন কিছুই চান না। নির্বাচন চাইলে ভোটারদের পুড়িয়ে মারতেন না। এ দেশে অনেক আন্দোলন হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, কিসের জন্য জ্বালাও-পোড়াও? কিসের জন্য মানুষ পুড়িয়ে মারা হচ্ছে? পরীক্ষার সঙ্গে রাজনীতির কী সম্পর্ক? শ্রমিক-কৃষক তাদের কথা তো একবারও বলেননি। যত মানুষ পুড়িয়ে মারা হচ্ছে তারা সবাই কী আওয়ামী লীগের? সেখানে কী বিএনপির লোক নেই?
তিনি আরো বলেন, শিশু পুড়িয়ে মারা হচ্ছে। আপনি দেখেন না? আপনি জানেন না একজন সন্তানকে যখন পুড়িয়ে মারা হয় তখন মায়ের কী কষ্ট হয়। আবার নিজেকে মা বলে দাবি করেন। শিশুদের নিয়ে কেন রাজনীতি করেন। কেন হরতাল দিয়ে তাদের পরীক্ষা বন্ধ করছেন।
পেট্রলবোমায় নিরীহ মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, পরিবহন, শিল্পকারখানা ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মে. জে. (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান, ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি এ কে এম হামিদ, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমাণ্ডের মহাসচিব আবদুল মতিন প্রমুখ।
আরএস/আরআই