যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর: হাছান মাহমুদ
যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ আপিল বিভাগে বহাল রাখায় জামায়াত যে হরতাল ডেকেছে তার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।
পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান বলেন, যুদ্ধাপরাধের অভিযোগে যাদের বিচার কার্যক্রম চলছে শুধুু তাদের নয়, দেশে আরো যারা যুদ্ধাপরাধী রয়েছেন তাদেরও বিচার করা হবে।
সাবেক মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা কামারুজ্জামানের শাস্তি প্রদান করেছে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল এবং শাস্তি বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত। এ রায়ের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। তাই আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল ডাকা চূড়ান্ত আদালত অবমাননার শামিল।
আদালতের এ রায় অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
হাছান মাহমুদ বলেন, হরতাল-অবরোধ বর্তমানে কৌতুকে পরিণত হয়েছে। কেননা হরতাল চলাকালে রাজধানীতে তীব্র যানজট দেখা যায় এবং রাজধানীসহ সারা দেশে মানুষের স্বাভাবিক জীবন-যাত্রা পরিলক্ষিত হয়।
জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, শিক্ষক নেতা শাহজাহান আলম সাজু প্রমুখ।
একে/আরআইপি