স্বাক্ষরে বিলম্ব করা ঠিক হবে না : সুরঞ্জিত
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রিফিউ খারিজের রায়ের অনুলিপিতে বিলম্বে স্বাক্ষর করা বিচারকদের উচিত হবে না বলে মন্তব্য করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
মঙ্গলবার সংসদ ভবনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে মিডিয়া সেন্টারে এ মন্তব্য করেন তিনি।
কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আজকের মধ্যেই রায়ের অনুলিপিতে স্বাক্ষর করা উচিত।
বিচারকদের দক্ষ করে তোলার জন্য প্রশিক্ষণ দরকার মন্তব্য করেন তিনি আরো বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে বিদেশ থেকে বিচারক এনে বিচারকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
এজন্য প্রতিটি বিভাগীয় শহরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম সম্প্রসারণ ও প্রতিষ্ঠানের মানোন্নয়নের পরামর্শ দেন সুরঞ্জিত।
তিনি বলেন, বৈঠকে সারাদেশে জমে থাকা মামলাসমূহ দ্রুত নিস্পত্তির বিষয়ে আইন কমিশনের দু’টি এবং সংসদীয় কমিটির একটি রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়।
কমিটি সূত্র জানায়, বর্তমানে নিম্ন আদালতসমূহে প্রায় ২৮ লাখ মামলা বিচারাধীন রয়েছে। এই বিপুল পরিমাণ মামলার বিচার ও নিস্পত্তির জন্য ম্যাজিস্ট্রেটসহ ১ হাজার ৭ শত বিচারক কর্মরত আছেন। মামলার জট কমাতে হলে জরুরি ভিত্তিতে আরও ৩ হাজার নতুন জজ নিয়োগ করা প্রয়োজন বলে রিপোর্টে উল্লেখ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, আবদুল মতিন খসরু, সাহারা খাতুন, শামসুল হক টুকু, আব্দুল মজিদ খান, তালুকদার মো. ইউনুস, অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা, সফুরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
এএইচ/একে/আরআইপি