রাজনীতি থেকে খালেদার বিদায় নেয়া উচিত : হাছান মাহমুদ


প্রকাশিত: ১১:৪৯ এএম, ০৮ এপ্রিল ২০১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতিতে পরাজিত হয়ে যেভাবে বাসায় ফিরে গেছেন সেভাবে রাজনীতি থেকেও তার বিদায় নেয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের নামে নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া গত তিন মাস তার রাজনৈতিক কার্যালয়ে বসে যেভাবে মানুষ হত্যার নির্দেশ দিয়েছেন তাতে তার দানবীয় রূপ দেশের মানুষের কাছে উন্মোচিত হয়েছে। তিনি নিজেকে সন্ত্রাস ও জঙ্গিবাদী নেত্রী হিসেবে জাতির সামনে উপস্থাপন করেছেন।’

তিনি বলেন, খালেদা জিয়া সন্ত্রাসী ও পেট্রোলবোমাবাজদের নিয়ে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় নামতে চাচ্ছেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি নেতা-কর্মীকে খালেদা জিয়া ও তার সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি ভাল প্রার্থীদের বাদ দিয়ে সন্ত্রাসী ও গুন্ডা- মাস্তানদের নির্বাচনে প্রার্থী করবে আবার লেবেল প্লেয়িং ফিল্ড দাবি করবে তা হতে পারে না।

নির্বাচন নিয়ে দ্বিমুখী নীতি পরিহার করার আহবান জানিয়ে বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সরকার একটি সুন্দর ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে বদ্ধপরিকর। প্রশ্নবিদ্ধ নির্বাচন সরকার চায় না।

প্রার্থীর যোগ্যতা ও গুণাগুণ দেখে ভোট দেয়ার জন্য সিটি কর্পোরেশনের ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন কামরুল। সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জাকির হোসেন, কৃষকলীগ নেতা এম এ করিম প্রমুখ।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।