নির্বাচনী সহিংসতা : গুলিবিদ্ধসহ ৩ সাংবাদিক আহত
ঢাকা (উত্তর ও দক্ষিণ) সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধসহ তিন সাংবাদিক আহত হয়েছেন। মঙ্গলবার রাজধানীতে পৃথকভাবে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকরা হলেন, ইয়াসিন হাসান (রাইজিং বিডি), ইন্দ্রজীৎ কুমার ঘোষ (নিউ এজ) ও বোরহান উদ্দিন (একুশেবিডি২৪.কম)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রে জানা যায়, রাইজিং বিডির স্পোর্টস প্রতিবেদক ইয়াসিন হাসান রাজধানীর সবুজবাগের বাসাবো বালিকা উচ্চ বিদ্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে তথ্য সংগ্রহ করতে যান। সেখানে দুপুর দেড়টার দিকে নির্বাচনী সহিংসতা শুরু হলে কোনো এক পক্ষের গুলি তার ডান পায়ে এসে লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
এদিকে লক্ষ্মিবাজার কবি নজরুল কলেজ ভোট কেন্দ্রে পুলিশ ও কাউন্সিলর প্রাথীর সংঘর্ষের ছবি তুলতে গিয়ে মাথায় পাথরের আঘাতে আহত হন লাগে নিউ এজ-এর ফটো সাংবাদিক ইন্দ্রজীৎ কুমার ঘোষ।
অন্যদিকে মধুবাগ প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তথ্য সংগ্রহ করতে গিয়ে ইটের আঘাতে আহত হয়েছেন একুশে বিডি ২৪.কমের সাংবাদিক বোরহান উদ্দিন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্য মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগোনিউজকে জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
এআর/একে/পিআর