শত কোটি টাকা আত্মসাতের মামলায় কারাগারে মাসুদ উদ্দিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২১ পিএম, ১১ মে ২০২৬
আদালতে সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী/ছবি জাগো নিউজ

প্রায় ১০৪ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১১ মে) তাকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

২০২৩ সালের ২৮ আগস্ট মামলাটি দায়ের করা হয়। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ফাইভ এম ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারিদ আহমেদসহ আরও কয়েকজন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) মো. আব্দুল হাদী আদালতে দাখিল করা আবেদনে বলেন, তদন্তে মাসুদ উদ্দিন চৌধুরীসহ একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর নামে ব্যাপক আর্থিক অনিয়ম ও প্রতারণার তথ্য পাওয়া গেছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৮ সালের ১৮ আগস্ট থেকে ২০২৪ সালের ৩০ মে পর্যন্ত সময়ে ৪ হাজার ৩৭২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে সরকারি নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে অতিরিক্ত অর্থ আদায় করা হয়।

আরও পড়ুন
মানবতাবিরোধী মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখানো হলো
‘এক-এগারোর’ আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেফতার

অভিযোগ রয়েছে, জনপ্রতি ১ লাখ ৬০ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের অর্থ নেওয়া হয়েছে। এছাড়া পাসপোর্ট ফটোকপি, মেডিকেল, মোফা ফি ও কোভিড-১৯ পরীক্ষার নামেও অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে।

তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে, ৪ হাজার ৩৭২ জন কর্মীর কাছ থেকে জনপ্রতি প্রায় ২ লাখ ৩৭ হাজার ৫১০ টাকা করে আদায় করা হয়। সব মিলিয়ে এই চক্রটি ১০৩ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৭২০ টাকা অবৈধভাবে সংগ্রহ ও আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে।

সিআইডির আবেদনে বলা হয়, আসামিদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫)-এর বিভিন্ন ধারায় অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

রাজধানীর মিরপুরে ছাত্র আন্দোলনের সময় গুলিতে বিপ্লব শেখ (১৯) নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গত ৪ মে মাসুদ উদ্দিনকে গ্রেফতার দেখিয়ে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস ওই আদেশ দেন।

মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় বিপ্লব শেখ নিহত হন। ওই ঘটনায় মাসুদ উদ্দিন চৌধুরীর নির্দেশে অন্য আসামিরা গুলি চালিয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

এমডিএএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।