খেলায় ফাউল হয় : আনিসুল হক
ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী আনিসুল হক বলেছেন, খেলতে গেলে ফাউল হয়। তবে ফাউলের মাত্রা কম বেশি হতে পারে। নির্বাচন একটি খেলা। নির্বাচনের এ খেলায় ফাউল খুবই কম হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বনানীর একটি রেস্টুরেন্টে নির্বাচনের ভোট গ্রহণ শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, নির্বাচনে মানুষ স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। ভয় ছিল না বা কোনো ত্রাস ছিল না। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলেই সকাল ৯টার দিকে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিদ আওয়াল মিডিয়াকে জানিয়েছেন। তিনি জানিয়েছেন নির্বাচন এভাবে চললে তিনি নির্বাচনের শেষ পর্যন্ত থাকবেন। বিজিত হবেন বলে আশাবাদও প্রকাশ করেছিলেন।
তিনি আরো বলেন, এটি একটি অরাজনৈতিক নির্বাচন। তবে রাজনৈতিক দল এখানে সমর্থন থাকে। তাই বলে একটি অরাজনৈতিক নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত রাজনৈতিক দলের কার্যালয়ে হতে পারে না।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে দুপুর ১২টায় বিএনপি কার্যালয়ে তাই হয়েছে। নির্বাচন থেকে সরে দাঁড়ানো বিএনপি’র রাজনৈতিক কৌশলও হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
নির্বাচনে অংশ নিয়ে নগরবাসীর যে সহযোগীতা পেয়েছি নির্বাচিত হলে এ সহযোগীতা নিয়ে অঙ্গিকার পূরণে সচেষ্ট থাকবো বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন সাবেক বানিজ্য মন্ত্রী কর্ণেল ফারুক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি, ডা. আব্দুন নূর তুষার, ও আনিসুল হকের স্ত্রী।
এএসএস/জেইউ/এমএম/এএইচ/পিআর