নতুন কর্মসূচি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বিএনপি
সিটি কর্পোরেশন নির্বাচনে কেন্দ্র দখল ও ভোট ডাকাতির অভিযোগ এনে নির্বাচন বর্জন করে আন্দােলনের হুমকি দিলেও দ্বিধাদ্বন্দ্বে পড়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির শীর্ষ নেতাদের মাঝে মতের অমিল থাকায় আন্দােলন নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে।
এর আগে সিটি কর্পোরেশন নির্বাচন পূর্ব পরিস্থিতি নিয়ে অায়োজিত সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ না হলে জোরালো আন্দােলনের হুমকি দিয়েছিলেন।
পাশাপাশি দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনে অনিয়ম হলে নতুন করে আন্দােলন শুরু করার ঘোষণা দিয়েছেন।
অবশ্য খালেদা জিয়া ও মওদুদ আহমেদ নির্বাচন কমিশনকে সরকারের আজ্ঞাবহ ও মেরুদণ্ডহীন বলে সেসময় অভিযোগ করার পরও কমিশনের অধীনেই নির্বাচনে অংশ নিয়েছেন।
বিএনপি সূত্র জানায়, সিটি নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে আগে থেকেই দলটির একটি পক্ষ তুমুল বিরোধিতা করে আসছিল। এই সরকারের অধীনে সর্বশেষ উপজেলা নির্বাচনের তিক্ত অভিজ্ঞতার যুক্তি দেখিয়ে নির্বাচনে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তারা।
অন্যদিকে সরকারকে ফাঁকা মাঠে গোল দেয়ার কোন সুযোগ দেয়া উচিত হবে না এই যুক্তিতে খালেদা জিয়াকে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে বাধ্য করেছিল আরেকটি পক্ষ। বর্তমান সরকারকে অগণতান্ত্রিক আখ্যা দিলেও নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে অনড় ছিলেন তারা।
সব মিলিয়ে সিটি নির্বাচনে অংশ নিলেও এরকম অবস্থার মুখোমুখি হওয়ায় দলটি নতুন করে আন্দােলন কর্মসূচি দেয়া না দেয়া নিয়ে সিদ্ধান্তহীনতায় পড়ে গেছে। এই মুহূর্তে কী করণীয় সেটা নিয়েও নানা সমীকরণ চলছে দলটির অভ্যন্তরে।
দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জাগো নিউজকে জানান, আন্দােলনের বিষয়ে বেগম খালেদা জিয়া সিদ্ধান্ত দেবেন। তবে কখন সেই কর্মসূচি ঘোষণা করা হবে এ বিষয়ে তিনি কিছু বলেননি।
অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান জানান, যথাসময়ে বেগম খালেদা জিয়া কর্মসূচির ঘােষণা করবেন। এ বিষয়ে এখনাে কোন সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানান।
এমএম/এসআরজে