মে দিবস শ্রমজীবী মানুষের বিজয় : রওশন এরশাদ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ মহান মে দিবসে বাংলাদেশসহ বিশ্বের সকল মেহনতি মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার এক বাণীতে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, মে দিবসে বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের বিজয়, আনন্দ- উৎসবের এবং নতুন সংগ্রামের শপথ গ্রহণের দিন। মে দিবসের সামগ্রিক ইতিহাসই শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠা, মুক্তি অর্জন ও আন্তর্জাতিক সংহতির লক্ষ্যে ধারাবাহিক সংগ্রামের ইতিহাস।
রওশন এরশাদ আরো বলেন, সরকারি বা বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানে কাজের নির্দিষ্ট সময় থাকবে এবং এর অতিরিক্ত সময় কাজ করতে হলে ন্যায্য হারে বাড়তি অর্থ প্রদান করতে হবে, যেন শ্রমিক-মেহনতি মানুষেরা তাদের পারিশ্রমিক থেকে বঞ্চিত না হয়। আর এটাই হোক এবারের মে দিবসের প্রত্যাশা।
আরএস/পিআর