খালেদা-শেরমান বৈঠক অনুষ্ঠিত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি (রাজনৈতিক) ওয়েন্ডি শেরমান। শুক্রবার বিকেলে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ এ বৈঠক অনুষ্ঠিত হয়।
শেরমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিকাল সাড়ে ৪টায় ফিরোজায় প্রবেশ করে। সেখানে তারা খালেদার সঙ্গে প্রায় আধা ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন। বিএনপির পক্ষ থেকে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
এসময় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটও ছিলেন। তবে সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বৈঠকে ছিলেন না। বৃহস্পতিবার ঢাকায় শুরু হওয়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার চতুর্থ অংশীদারিত্ব সংলাপের প্লেনারি সেশনে অংশ নিতে শেরমান ও নিশা দেশাই ঢাকায় আসেন। ওইদিন সন্ধ্যায় তারা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন।
এআরএস/পিআর