জনগণই উপযুক্ত জবাব দেবে : নজরুল ইসলাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নেতা-কর্মীদের গ্রেফতার করলেই বিএনপি শেষ হয়ে যাবে না। সময় যখন আসবে তখন জনগণই উপযুক্ত জবাব দেবে।
মঙ্গবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গণতন্ত্র ও শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন ।
অত্যাচার নির্যাতন হামলা-মামলা করে বিএনপিকে দমানো যাবেনা মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ যাদের কথা চিন্তাও করছেন না, তারাই আগামী দিনের আন্দোলনের নেতৃত্ব দিবে এবং সমুচিত জবাব দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটাবে।
২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেনি উল্লেখ করে বিএনপির এই জেষ্ঠ্য নেতা বলেন, একটা সুষ্ঠু নির্বাচন হলেই তা প্রমাণ হবে। বাংলাদেশের জনগণের হিসেবে কখনো ভুল হয় না। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সুযোগ পেলে তারা সঠিক রায় দিয়ে থাকে।
আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যারা বলে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না আসলে তারাতো মুক্তিযুদ্ধ দেখেনি। রাজনীতিতে সবাই সবার সমালোচনা করার যোগ্য নয়। যারা তাকে (জিয়া) নিয়ে সমালোচনা করেন তাদেরকে ভাবতে হবে আমি কি সে কি ছিলো।
এ সময় তিনি বলেন আমি মাঝে মাঝে অবাক হই, বীর উত্তম খেতাব অর্জন তাহলে কি করে সম্ভব হলো। তখন তো রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো শেখ মুজিবুর রহমানের সরকার।
আয়োজক সংগঠনের সভাপতি একে এম আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব ডা.এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব রফিকুল ইসলাম বাচ্চু, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু প্রমুখ।
এমএম/এসকেডি/আরআইপি