‘আওয়ামী লীগকে কারা মদত দিচ্ছে তা চিহ্নিত করতে হবে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ১৫ মে ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে/ছবি: জাগো নিউজ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও দলটির সহযোগী সংগঠন যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিকশক্তির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (১৫ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ তুলে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন।

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ সোয়াইবের সভাপতিত্বে এবং সদস্য সচিব আরিফ মঈনুদ্দিনের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে চট্টগ্রাম মহানগর এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল্লাহ বিন ফারুক বলেন, আওয়ামী লীগকে কারা মদত দিচ্ছে তা চিহ্নিত করতে হবে। তিনি অভিযোগ করেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে কিছু রাজনৈতিক দল নীরব ভূমিকা পালন করছে।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, সম্প্রতি এক জানাজায় আওয়ামী লীগের স্লোগান দেওয়ার ঘটনা উদ্বেগজনক। তিনি বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতার উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন।

যুগ্ম সদস্য সচিব ডা. এম আর রহমান মাবরুর বলেন, আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধ করেছে বলে তাদের বিচার হওয়া উচিত। তিনি দলটিকে আইনগতভাবে নিষিদ্ধ করার দাবি জানান।

যুগ্ম সদস্য সচিব সাদিয়া আফরিন বলেন, জুলাই আন্দোলনে নিহতদের আত্মত্যাগ ভুলে যাওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগের কার্যক্রমকে সমর্থনকারীদেরও সমালোচনা করেন তিনি।

মহানগর এনসিপির সদস্য তানিয়া আমিন বলেন, আওয়ামী লীগকে রাজপথে ফিরতে দেওয়া হবে না। প্রয়োজনে আবারও আন্দোলনে নামার ঘোষণা দেন তিনি।

সাংগঠনিক সম্পাদক শাহেদ ইকবাল চৌধুরী প্রশাসনের গোয়েন্দা তৎপরতা বাড়ানোর দাবি জানান। তিনি বলেন, প্রশাসন ব্যর্থ হলে জনগণ ক্ষুব্ধ হতে পারে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের জামালখান, চেরাগি পাহাড়, মোমিন রোড ও আন্দরকিল্লা এলাকা প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।

এমআরএএইচ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।