সাক্ষাৎকার দেয়ার সুযোগ নেই সালাহউদ্দিনের : রিপন
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ ভারতে হাই সিকিউরিটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, সেখান থেকে কোনো ধরনের বক্তব্য বা সাক্ষাৎকার দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অনুপ্রবেশকারী হিসেবে সালাহউদ্দিনের নামে ভারতে মামলা হয়েছে। তাই একজন আসামি হিসেবে তার বক্তব্য দেয়ার কোনো সুযোগ নেই।
আসাদুজ্জামান রিপন বলেন, সালাহউদ্দিন ভারতে নিরাপদে আশ্রায় পেয়েছেন। উন্নত চিকিৎসা দেয়ায় ভারত সরকার, প্রশাসন ও জেল কতৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, একটি গণমাধ্যমে সালাহউদ্দিনের সাক্ষৎকার নিয়ে যে খবর প্রকাশ করেছে তার কোনো সুযোগ নেই। তাই এ ধরনের খবর প্রকাশ করা থেকে বিরত থাকার অনুরোধ জানাই। এ রকম খবর প্রকাশ করলে সালাহউদ্দিনের সমস্যা হতে পারে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির জলবায়ুবিষয়ক সম্পাদক আফজাল এইচ খান, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ খান খোকন, নিলুফার চৌধুরী মনি, তকদির হোসেন জসিম, রাশিদা বেগম হিরা, ফোরকান ই আলম প্রমুখ।
এমএম/বিএ/পিআর