পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ বলেছেন, বেগম খালেদা জিয়ার পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং রাজনৈতিক আন্দোলনের নামে হরতাল ও অবরোধের মাধ্যমে নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা ও নাশকতার মাধ্যমে দেশের ক্ষতি করায় বিএনপি বর্তমানে জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
মঙ্গলবার নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, খালেদা জিয়া গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের জন্য এ বছরের শুরুতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সহায়তায় মানুষ পুড়িয়ে মারাসহ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল।
তিনি আরো বলেন, দেশের নিরীহ মানুষকে হত্যা ও নাশকতা চালানো এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের জন্য বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের বিচার হবেই।
কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুঞ্জুরুল হক তারার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, ইফতেকার উদ্দিন তালুকদার এমপি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মতিউর রহমান খান, সাধারণ সম্পাদক আলী আশরাফ খান খসরু এমপি।
এসএইচএস/আরআই