জামিনে মুক্ত মোসাদ্দেক আলী ফালু
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বেসরকারি টেলিভিশন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং এসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স (এটকো) এর সভাপতি মোসাদ্দেক আলী ফালু জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন থেকে মুক্তি পান তিনি।
ফালুর পারিবারিক সূত্র তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে জাগোনিউজকে।
জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে হরতাল-অবরোধ চলাকালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয় থেকে বেরিয়ে আসার সময় তাকে গোয়েন্দা পুলিশ আটক করে। তাকে হরতাল-অবরোধে গাড়ি পোড়ানো মামলায় আটক দেখিয়ে কয়েক দফা রিমান্ডে আনে আইন শৃংলখা বাহিনী।
আটকের মুহুর্তে এনটিভির মালিক মোসাদ্দেক ওই টেলিভিশন স্টেশনের স্টিকার লাগানো গাড়িতে করে তার আধা ঘণ্টা আগেই ওই কার্যালয়ে ঢুকেছিলেন।
কার্যালয় থেকে বেরিয়ে গাড়িতে ওঠার মুহূর্তে সাদা পোশাকে থাকা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে ঘিরে ধরে এবং তাদের সঙ্গে যাওয়ার অনুরোধ করে।
গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর মোসাদ্দেকের গাড়িতেই উঠে বসেন গোয়েন্দারা। তাদেরই একজন গাড়িটি চালিয়ে নিয়ে যান। চালকের পেছনের আসনেই তখন বসে ছিলেন মোসাদ্দেক।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফালু মুক্তি পেয়ে বর্তমানে বাসায় অবস্থান করছেন।
তিনি সুস্থ আছেন কিনা প্রশ্নে ফালুর একজন নিকট আত্বীয় জাগোনিউজকে বলেন, তিনি সুস্থ আছেন। এতোদিন হাসপাতালে ভর্তি ছিলেন। এখন তিনি বাসায় আছেন। তবে নিজের বাসায় কিনা সেটি জানাতে চাননি ওই আত্বীয়।
তবে আরেকটি সূত্রে জানা গেছে, ফালু ছাড়া পেয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এসএ/টিআই