বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: আমু
বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু।
তিনি বলেছেন, বিএনপি সব আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়েছে। এখন রাজনৈতিক কর্মসূচির নামে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বিএনপি।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ সবার আয়োজন করা হয়।
আমু বলেন, বাংলাদেশে কোনো ষড়যন্ত্র সফল হবে না। যারা ২০১৪ ও ২০১৫ সালের মতো রাজনৈতিক সহিংসতা চালাতে চায়, সেই বিএনপি-জামায়াতকে দলগত ও জোটগতভাবে প্রতিহত করা হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক অভিযাত্রায় সব ষড়যন্ত্র মোকাবিলায় অতীতের মতো জোটবদ্ধভাবে মাঠে থাকবে ১৪ দল।
তিনি আরও বলেন, যারা সেদিন উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, মুক্তিযুদ্ধকালীন স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণহত্যাকারীদের সহায়তা করেছে, তাদের দোসর ও উত্তরসূরিরা এখনো বিদ্যমান। তাদের সেসব ষড়যন্ত্র প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য এজাজ আহম্মেদ মুক্তার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও অ্যাডভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান প্রমুখ।
এসইউজে/আরএডি/জিকেএস