মহিলা সমিতির মঞ্চে আমি ও রবীন্দ্রনাথ


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২০ মার্চ ২০১৬

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর নাটক সরণির (বেইলি রোড) ঐতিহাসিক মহিলা সমিতি মিলনায়তনে আবার শুরু হয়েছে নাটক মঞ্চায়ন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের আয়োজনে সেখানে চলছে ‘ভাঙ্গা-গড়া নাট্যোৎসব’ শিরোনামে মাসব্যাপী নাট্যোৎব।

তারই ধারাবাহিকতায় আগামী ২৩ মার্চ সন্ধ্যা ৭টায় মহিলা সমিতির আধুনিক এ মঞ্চে মঞ্চায়িত হবে প্রাঙ্গণেমোর নাট্যদলের নতুন নাটক ‘আমি ও রবীন্দ্রনাথ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।  

‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকটিতে অভিনয় করেছেন- নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, তৌহিদ বিপ্লব ও সরোয়ার সৈকত। নূনা আফরোজ নাটকটি নির্দেশনার পাশাপাশি এর পোশাক ও মঞ্চ পরিকল্পনা করেছেন। সংগীত পরিকল্পনায় থাকবেন রামিজ রাজু ও আলোক পরিকল্পনায় তৌফিক রবিন।

নাটকের গল্পে দেখা যাবে- অথৈ একদিন তার বন্ধুর সাথে রবীন্দ্রনাথের স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে বেড়াতে যায়। কুঠিবাড়ি দেখতে দেখতে এক সময় অথৈ একাই দোতলার সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। হঠাৎ অথৈয়ের সামনে এসে হাজির হন স্বয়ং রবীন্দ্রনাথ।

তিনি অথৈকে কুঠিবাড়ি ঘুরিয়ে দেখার আহ্বান জানান। অথৈ ভুলে যায় তার বন্ধুসহ পৃথিবীর সবকিছু। সে রবীন্দ্রনাথের সাথে কথা বলতে থাকে। অথৈয়ের সামনে পর পর হাজির হয় ২৯ বছর, ৬৯ বছর, ২১ বছর ও ৮০ বছরের ভিন্ন ভিন্ন রবীন্দ্রনাথ। এই চার বছরের রবীন্দ্রনাথের সাথে অথৈয়ের কথা হয় সেই সময়ের রবীন্দ্রনাথের ব্যক্তিজীবন ও তার সৃজনশীলতা নিয়ে।

আর রবীন্দ্রনাথের প্রতিটি বয়সের সাথে অথৈও বদলে যেতে থাকে ভিন্ন ভিন্ন চরিত্র ও বয়সে। বিভিন্ন বয়সী রবীন্দ্রনাথের সাথে অথৈয়ের কথপোকথনের মধ্য দিয়ে উঠে এসেছে রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম ও তার ব্যক্তিজীবনের নানা দিক।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।