স্ত্রীর সঙ্গে দেখা করতেই বিমান ছিনতাই!


প্রকাশিত: ১১:১৭ এএম, ২৯ মার্চ ২০১৬

ছিনতাইয়ের শিকার ইজিপসিয়ান এয়ার লাইনের যাত্রীবাহী বিমানের চার বিদেশে আরোহী একজন ক্রু ছাড়া সবাইকে মুক্তি দেওয়া হয়েছে। পারিবারিক হতাশার কারণেই ছিনতাইকারী এ ঘটনা ঘটিয়েছেন বলে ইজিপ্ট এয়ারলাইনের কর্মকর্তারা জানিয়েছেন। খবর রয়টার্সের।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় অভ্যন্তরীণ রুটের বিমানটি মিসরের আলেকজান্দ্রিয়া থেকে কায়রোর উদ্দেশে উড্ডয়ন করে। বিমানটি ছিনতাইয়ের পর সাইপ্রাসের দক্ষিণ উপকূলের লারনাকা বিমানবন্দরে অবতরণে বাধ্য করে ওই ছিনতাইকারী।

egypt

সাইপ্রাসের কর্মকর্তারা বলছেন, এয়ারবাস ৩২০ এর ওই বিমানে সাত ক্রু সহ ৬০ আরোহী ছিলেন। বিমানের পাইলট জানান, ওই ছিনতাইকারী নিজের কাছে বিস্ফোরক আছে দাবি করে বিমানটি সাইপ্রাসের দিকে নিয়ে যেতে বাধ্য করে। যদিও তাৎক্ষণিকভাবে এটি নিশ্চিত হওয়া যায়নি।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সাইপ্রাসের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ব্যক্তিগত উদ্দেশ্যই ছিল ছিনতাইকারীর মূল উদ্দেশ্য, তার সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি; যিনি বর্তমানে সাইপ্রাসে বসবাস করছেন।

egypt

এদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আনাসতাসিয়াদেস বলেছেন, বিমান ছিনতাইয়ের সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। তবে এ ঘটনায় কোনো নারী জড়িত আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের ঘটনায় সব সময় একজন নারী জড়িত থাকে।

তিনি বলেন, আমরা সবাইকে নিরাপদে মুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। মিসরের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ছিনতাইকারী বিমানের সাত যাত্রীকে রেখে বাকিদের ছেড়ে দিয়েছে বলে জানিয়েছেন। ইজিপ্ট এয়ারের বরাত দিয়ে বিবিসি বলছে, বিমানটিতে সাত ক্রুসহ ৮১ আরোহী ছিলেন।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।